গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুর মহানগরের ভোগরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দুটি বাসের চাপায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার চালকসহ দুজন। আহত হয়েছেন আরও দুজন। বাসচালক পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (০৪ জুন) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি জামালপুরের মাদারগঞ্জ থানার কয়রা এলাকার হামেদ প্রামাণিকের ছেলে সুজন (৩৮)। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের বাইপাস এলাকায় একটি অটোরিকশা যাত্রী তোলার জন্য হঠাৎ ব্রেক করে। এ সময় ঢাকা থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এরপর বাসটি সামনে থাকা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দুই বাসের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও একজন যাত্রী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা কেটে মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী গাড়ি নিয়ে তাদের দল ঘটনাস্থলে যায় এবং অটোরিকশার ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চালককে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।