গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান (৬৫) আর নেই।
রবিবার (০৭ জুন) বিকেল চারটার দিকে ঢাকার উত্তরার তুরাগ এলাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর খবর যেন শোকের উপর শোক নামিয়ে আনল। ভাইয়ের মৃত্যুর খবর পৌঁছানোর পরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁর ছোট বোন রাশিদা খাতুন (৬২)। হাসপাতালে নেওয়ার পথেই বিকেলে তাঁরও মৃত্যু হয়।
একই দিনে ভাই-বোনের এই বিদায় পরিবারটিকে শোকের গভীর অন্ধকারে ডুবিয়ে দিয়েছে।
আনিছুর রহমানের ছোট ভাই মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তাঁর ভাই কিডনি ও হৃদ্রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিসের জন্য হাসপাতালে যেতেন তিনি। রবিবার ডায়ালাইসিস করাতে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র ছিলেন। চারবার মেয়র নির্বাচিত হওয়া এই রাজনীতিবিদ সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে চতুর্থবারের মতো পৌর প্রধানের দায়িত্ব পান। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হলে তিনি জনসমক্ষে আসা কমিয়ে দেন। দীর্ঘ অসুস্থতার মধ্যেই কেটেছে তাঁর শেষ দিনগুলো।