গাজীপুর কণ্ঠ, খেলা ডেস্ক
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রবল স্নায়ুচাপ, সীমাহীন আবেগ সামলে দারুণ জয়ের পর কোনো কিছুকেই অসম্ভব মনে হচ্ছে না মেক্সিকোর মিডফিল্ডার এরিক লিরার।
মেক্সিকো সিটির বিখ্যাত আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। শুরুতে হুলিয়ান কিনোনেস দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রাউল হিমেনেস।
তিন লাল কার্ডের ম্যাচে দলের প্রথম গোলে অবদান রাখেন লিরা। আগের সাত উদ্বোধনী ম্যাচে কখনও জিততে পারেনি মেক্সিকো। অষ্টম চেষ্টায় এই গেরো কাটাতে পেরে উচ্ছ্বাসের জোয়ারে যেন ভাসছেন লিরা।
“এটা আবেগের দিক থেকে কঠিন ম্যাচ ছিল। কারণ, আমরা এমন কিছুর সুযোগ জীবনে খুব বেশি পাই না। এটা খুব জটিল একটা সময় ছিল। তবে আমরা সবাই মানসিক দিকটা নিয়ে কাজ করছিলাম যেন এটা আমাদের প্রভাবিত করতে না পারে এবং আমরা কাজটা যতটা সম্ভব ভালোভাবে সারতে পারি।”
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এর আগে তিন লাল কার্ডের কোনো নজির নেই। এসব নিয়ে মোটেও ভাবছেন না লিরা, তার মনোযোগ এখন পরের ম্যাচে।
“তিন পয়েন্ট পাওয়া ছিল গুরুত্বপূর্ণ, সৌভাগ্যবশত আমরা সেটা করতে পেরেছি। এখন আমাদের নিশ্চিত করতে যে, সবাই দ্বিতীয় ম্যাচের জন্য ও আবার তিন পয়েন্ট পাওয়ার জন্য শতভাগ প্রস্তুত।”
“কোনো কিছুই এখন অসম্ভব নয়। আমরা সব কিছুর জন্যই তৈরি।”
আগামী বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেক্সিকো। স্বাগতিকদের মতো এশিয়ার দেশটিও জয় দিয়ে আসর শুরু করেছে। শুক্রবার সকালে চেকিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা।