গাজীপুর কণ্ঠ ডেস্ক
বিমানবন্দর থানায় করা প্রাইভেট কারচালক বাবুল হত্যা মামলায় দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ হাসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি হয়।
বিমানবন্দর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু সাঈদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরিফ হাসানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী তাহমিনা সুলতানা আবেদন নামঞ্জুরের আরজি জানান।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই বছরের ১৮ জুলাই উত্তরা এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন প্রাইভেট কারচালক বাবুল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় গত বছরের ২২ জুলাই বাবুলের স্ত্রী বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় আরিফ হাসান ‘মূল অর্থ জোগানদাতা’ হিসেবে কাজ করেছেন। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহিংসতায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
আরিফ হাসানের আইনজীবী তাহমিনা সুলতানা আদালতে সাংবাদিকদের বলেন, তাঁর মক্কেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি আরও জানান, আরিফ হাসানের হার্টে রিং পরানো রয়েছে এবং তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে নয়টি মামলা রয়েছে। একই দিনে বিভিন্ন স্থানে গিয়ে তিনি কীভাবে হামলায় অংশ নিলেন—সে প্রশ্নও তোলেন আইনজীবী।
আরিফ হাসান এর আগে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।