কালীগঞ্জে বালতির পানিতে শিশুর মৃত্যু, হেফাজতে কিশোরী

মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সরাসরি থানায় যায় অভিযুক্ত কিশোরী এবং পুলিশকে জানায়, সে-ই বালতির পানিতে চুবিয়ে হত্যা করেছে।

কালীগঞ্জে বালতির পানিতে শিশুর মৃত্যু, হেফাজতে কিশোরী

নিজস্ব সংবাদদাতা 

কালীগঞ্জে আড়াই বছর বয়সী এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

শনিবার (২০ জুন) দুপুরে পৌরসভার দেওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত কিশোরী নিজেই থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করে।

নিহত শিশুর নাম আরিশা আক্তার জান্নাত। তার বাবা আলহাজ শেখ রাজবাড়ীর বাসিন্দা হলেও কাজের সূত্রে পরিবার নিয়ে দেওপাড়া এলাকায় আবুল কালামের বাড়িতে ভাড়ায় থাকেন এবং সেভেন রিংস সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন। 

অভিযুক্ত কিশোরী বাড়ির মালিক আবুল কালামের মেয়ে ইসরাত জাহান মিম (১৪)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও নিহত শিশুর বাবার বরাতে জানা গেছে, দুই পরিবারের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। মিমের মা ছোট্ট আরিশাকে বিশেষভাবে পছন্দ করতেন এবং আদর করতেন। শনিবার দুপুরে বাড়ির উঠানে দুজন একসঙ্গে খেলছিল। সে সময় দুই পরিবারের বাবারা ঘরের ভেতরে কথা বলছিলেন। কিছুক্ষণ পর আরিশাকে দেখতে না পেয়ে খুঁজতে বেরিয়ে তার বাবা-মা বালতির পানিতে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিশাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মিম হাসপাতালে গিয়ে আরিশার অবস্থা জানতে চায়। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সে সরাসরি কালীগঞ্জ থানায় যায় এবং পুলিশকে জানায়, সে-ই আরিশাকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেছে। এরপর পুলিশ তাকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ কয়েকটি সম্ভাব্য কারণ চিহ্নিত করেছে। মিমের মা আরিশাকে অতিরিক্ত আদর করতেন — এই বিষয়টি মিম মেনে নিতে পারেনি বলে পুলিশ মনে করছে। এ থেকে তার মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়। এ ছাড়া সে দীর্ঘদিন ধরে ‘ক্রাইম পেট্রোল’-এর মতো অপরাধভিত্তিক টেলিভিশন ধারাবাহিকে আসক্ত ছিল, যা তাকে এ ঘটনায় প্ররোচিত করে থাকতে পারে বলে তদন্তকারীরা ধারণা করছেন। মিম মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয় বলেও জানা গেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘মিমের স্বীকারোক্তি অনুযায়ী সে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’