গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
কেনিয়ায় একটি মহাসড়কে বহুমাত্রিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ক্যাথলিক খ্রিষ্টান তীর্থযাত্রী।
রাজধানী নাইরোবি থেকে মোম্বাসাগামী মহাসড়কের সালামা এলাকায় মধ্যরাতের পর এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (৩ অক্টোবর) পুলিশ জানায়, একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করার সময় তা ব্যর্থ হয় এবং তীর্থযাত্রীবাহী একটি ১৪ সিটের মিনিবাসসহ অন্যান্য গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মিনিবাসের চালক এবং ১৬ জন যাত্রী নিহত হন, যাদের মধ্যে অধিকাংশ ছিলেন নারী।
মোম্বাসা ক্যাথলিক আর্চডায়োসিসের আর্চবিশপ মার্টিন কিভুভা জানান, তীর্থযাত্রীরা নাইরোবির পশ্চিমে নাকুরু কাউন্টির একটি প্রার্থনা কেন্দ্রে জাতীয় প্রার্থনা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো।
কেনিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটি দুর্ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠিয়েছে। তারা জানিয়েছে, দুর্ঘটনাকবলিত সড়কটি এলাকায় একটি পরিচিত ‘ব্ল্যাক স্পট’ বা দুর্ঘটনাপ্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত।
সূত্র: আল-জাজিরা