চাঁদাবাজির অভিযোগে বিএনপির এমপির ছেলেকে ‘হেফাজতে’ নিল পুলিশ

চাঁদাবাজির অভিযোগে বিএনপির এমপির ছেলেকে ‘হেফাজতে’ নিল পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় হেফাজতে নেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সংবাদ মাধ্যমকে জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হেফাজতে নেওয়া হয় এবং তিনি স্বেচ্ছায় সহযোগিতা করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয়।”

তবে অভিযোগের বিস্তারিত বিষয়ে কিছু জানাতে রাজি হননি তিনি।

এক ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে হস্তান্তর করা হয়।

সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় জানানো হয়, আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

সজীবের বাবা বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান কিংবা দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।