গাজীপুর কণ্ঠ, খেলা ডেস্ক
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে উঠেই কানাডা এবার গেল আরও এক ধাপ এগিয়ে। রাউন্ড অব ৩২-এ দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে সহ-আয়োজক দেশটি।
লস অ্যাঞ্জেলসে রবিবার রাতের ম্যাচে গোলশূন্য অচলাবস্থা ভাঙতে অপেক্ষা করতে হয়েছিল যোগ করা সময় পর্যন্ত। সেই মুহূর্তে মিডফিল্ডার স্টেফেন অন্তুনজুস্তাকের অসাধারণ হাফ ভলিতে জয় নিশ্চিত হয় কানাডার।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জন্সটনের ক্রস ডি-বক্সে হেডে ক্লিয়ার হয়। ফিরতি বল ডি-বক্সের বাইরে পেয়ে বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত হাফ ভলিতে জাল খোঁজেন অন্তুনজুস্তাক। মেজর সকার লিগের এই ফুটবলারের বিশ্বকাপে এটাই প্রথম গোল।
পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থেকে আক্রমণ চালিয়ে গেছে কানাডা, তবে দক্ষিণ আফ্রিকার জমাট রক্ষণ ভাঙা সহজ ছিল না। জেসি মার্শের দল ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে সাতটি। দক্ষিণ আফ্রিকার ছয় শটের মাত্র একটি লক্ষ্যে ছিল।
৪৫তম মিনিটে মোইস বোম্বিতোর হেড গোলরক্ষককে পরাজিত করলেও গোললাইন থেকে বল ফেরান ডিফেন্ডার মোদিবা। ৬৫তম মিনিটে ট্যানি ওলুয়াশেয়ির শট রুখে দেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস।
ম্যাচের ৭৫তম মিনিটে ১৫ মাসের চোটের বিরতি শেষে মাঠে ফেরেন বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার আলফুঁস ডেভিস। মাঠে নামার পরের মিনিটেই তাঁর পাস থেকে জোনাথান ডেভিডের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা ৩৬ বছর পর কাতারে ফিরলেও গ্রুপ পর্ব পার হতে পারেনি। এবার নিজেদের মাটিতে তৃতীয় বিশ্বকাপ অভিযানে ইতিহাস বদলে দিল দেশটি — প্রথমবার গ্রুপ পর্ব পার করে এবার শেষ ষোলোতেও পৌঁছে গেছে।