ঢাকায় ফ্ল্যাট থেকে জিএমপির পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

ঢাকায় ফ্ল্যাট থেকে জিএমপির পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ঢাকা মেট্রোপলিটনের সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিলুফারের স্বামী আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত।

রবিবার (২৮ জুন) সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সংবাদ মাধ্যমকে জানায়, রবিবার ভোর সাড়ে চারটা থেকে সকাল ছয়টার মধ্যে যেকোনো এক সময় নিলুফার নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

সবুজবাগ থানার উপপরিদর্শক ফাতেমা আক্তার সংবাদ মাধ্যমকে বলেন, ‘শনিবার দিবাগত রাতে খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদ এলাকার একটি বাসা থেকে নিলুফারের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও জানান, নিহত নিলুফার জিএমপির উপপরিদর্শক আনোয়ার হোসেনের স্ত্রী।