বরিশালে নতুন কমিশনার এবং ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ

বরিশালে নতুন কমিশনার এবং ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

বরিশাল মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজিসহ মোট ছয়টি ডিআইজি পদে রদবদল করেছে সরকার।

রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী—এসবির ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশালের পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

একই দিন আরেকটি পৃথক প্রজ্ঞাপনে ফরিদপুর ও ঝালকাঠি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে।

এতে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার করা হয়েছে।

একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।