গাজীপুরে মাদকসহ গ্রেপ্তার সাত

গাজীপুরে মাদকসহ গ্রেপ্তার সাত

বিশেষ প্রতিনিধি 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ছয় কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।

রবিবার জিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাশিমপুর থানার পশ্চিম শৈলডুবি এলাকার রিপন হোসেন (২০), ভোলা সদরের সাচিয়া এলাকার আকলিমা (৪২), নাটোরের গুরুদাসপুর নোয়াপাড়াহাট এলাকার রাব্বি সম্রাট (২৩), একই জেলার সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস ছালাম (৪৫), রংপুরের বাউনিয়া থানার পূর্ব মিয়াপাড়া এলাকার মোস্তাকিম (২২), কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকার রবিউল আলম (৩৮) ও মামুন (২৮)।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মহানগরের সারদাগঞ্জ মুন্সি মার্কেট এলাকায় জনৈক জাহেরার বাড়িতে অভিযান চালিয়ে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির চার হাজার টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, একই রাত সোয়া ১১টার দিকে সারদাগঞ্জ হাজী মার্কেট পুকুরপাড় এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির সাত হাজার সাতশ টাকাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া শনিবার বিকেল সোয়া তিনটার দিকে কাশিমপুর থানার পশ্চিম শৈলডুবি এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ রিপন হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।