গাজীপুর কণ্ঠ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরু হচ্ছে ‘জুলাই পদযাত্রা’।
সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে পদযাত্রার মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রার সূচনা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ।
এ ছাড়া উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্যসচিব খন্দকার আল আমিন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু।
আয়োজকরা জানিয়েছেন, এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও এই সমাবেশে অংশ নেবেন।
দেশব্যাপী জুলাই পদযাত্রার এই উদ্বোধনী সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।