কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, এক মাস পর ঢাকা থেকে বৃদ্ধ গ্রেপ্তার

তিনি ছেলের বাসায় আত্মগোপনে ছিলেন।

কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, এক মাস পর ঢাকা থেকে বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা

কালীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার মামলার আসামি ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘটনার প্রায় এক মাস পর শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম লোকমান হোসেন (৭০)। তিনি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী এলাকার মৃত তরব আলীর ছেলে। স্থানীয়দের কাছে তিনি দীর্ঘদিন ধরে লম্পট হিসেবে পরিচিত বলে জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২১ জুলাই (মঙ্গলবার) বিকেলে ভুক্তভোগী যুবতী (২০) প্রতিবেশী অভিযুক্তের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে বসতবাড়ির বারান্দায় নিয়ে গিয়ে জোরপূর্বক তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ ও আঘাত করা হয় এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্ত ভয় পেয়ে তাকে ছেড়ে দেন। এরপর যুবতী বাড়ি ফিরে পুরো ঘটনা তার মাকে জানান।

গত ২২ জুলাই সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। 

গ্রেপ্তারের সময়।

মামলা দায়েরের পরপরই অভিযুক্ত লোকমান হোসেন আত্মগোপনে চলে যান বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস।

তিনি বলেন, “গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার সন্ধ্যায় ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছেলের বাসায় আত্মগোপনে ছিলেন। ভাটারা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

স্থানীয়দের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা আরও জানান, প্রায় দুই বছর আগেও অভিযুক্ত এ ধরনের একটি ঘটনা ঘটিয়েছিলেন।

আরো জানতে…

কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা: বৃদ্ধের বিরুদ্ধে মামলা