কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

চলতি বছরের শুরুর দিকে ওই পাইলটরা কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছিলেন এবং বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি।

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত সমুদ্রের ওপর থেকে সরিয়ে স্থলের কোনো হাসপাতালে স্থানান্তরের আহ্বান জানিয়েছে ইরান।

দেশটির সামরিক এক কর্মকর্তা শনিবার (২২ অগাস্ট) এই আহ্বান জানিয়ে বলেন, আটক পাইলটরা বর্তমানে ‘অত্যন্ত নাজুক শারীরিক অবস্থায়’ রয়েছেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তি অনুসন্ধান কমিটির কমান্ডার মোহাম্মদ বাঘেরজাদেহ বলেন, পাইলটদের বর্তমানে যেখানে রাখা হয়েছে সেই স্থানটি চিকিৎসার জন্য একদমই অনুপযুক্ত। তিনি আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তারা দ্রুত কাতারে একটি ‘এয়ার অ্যাম্বুলেন্স’ পাঠায়, যাতে অসুস্থ ও আহত বন্দিদের ইরানে দ্রুত ফিরিয়ে আনা হয়।

তবে গত সপ্তাহে কাতার তাদের হেফাজতে কোনো ইরানি পাইলট থাকার বিষয়টি অস্বীকার করেছিল। দোহার দাবি ছিল, চলতি বছরের শুরুর দিকে ওই পাইলটরা কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছিলেন এবং বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি।

দোহা আরও জানিয়েছিল, তারা নিহত একজন পাইলটের মরদেহ হস্তান্তরের বিষয়ে সমন্বয় করতে ইরানের সাথে যোগাযোগ করেছিল এবং তাদের পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য পর্যালোচনার জন্য তেহরানকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সে সময় ইরানের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। গত মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আবারও জানান, পাইলট ইস্যুতে আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধি দলের সফরের পথ এখনো খোলা রয়েছে।

সর্বশেষ বিবৃতিতে মোহাম্মদ বাঘেরজাদেহ ইরানি বিশেষজ্ঞ দলকে গ্রহণের বিষয়ে কাতারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এ ক্ষেত্রে দোহাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরানের বিমান বাহিনীর একটি বিশেষজ্ঞ ও তথ্যানুসন্ধানকারী দল গত কয়েক মাস ধরে কাতারে প্রবেশের অপেক্ষায় থাকলেও কাতারি কর্মকর্তারা বারবার তদন্ত প্রক্রিয়ায় বিলম্ব করছেন।