গাজীপুর কণ্ঠ, খেলা ডেস্ক
লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলকে সমীহ করেন মিশর কোচ হোসাম হাসান। তবে এই দলকে মোটেও অজেয় মনে করেন না তিনি। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ ষোলোয় নিজের দলেরও সমান সম্ভাবনা দেখেন হাসান।
বাংলাদেশ সময় ৭ জুলাই ১০টায় (পিএম) আটলান্টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলার হাতছানি তাদের সামনে।
১৯৩৪ সালের পর দীর্ঘ বিরতিতে ১৯৯০ সালে বিশ্বকাপে ফেরে মিশর। ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাসান। মিশরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, ৬৯ গোল। এক গোল কম নিয়ে দুই নম্বরে আছেন অধিনায়ক মোহামেদ সালাহ।
এবারই প্রথম নকআউট পর্বে কোনো ম্যাচ জিতেছে মিশর। শেষ বত্রিশের লড়াইয়ে টাইব্রেকারে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। আরেকটি বড় পরীক্ষার আগে নির্ভার হাসান।
“খেলোয়াড় হিসেবে অনেক কিছু অর্জন করেছি। কোচ হিসেবে আরও বেশি কিছু অর্জন করতে পেরে আমি খুশি। আমাদের লক্ষ্য হলো জাতীয় দলকে নিয়ে মিশরীয়দের গর্বিত করা। এই লক্ষ্য পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
সামনের প্রতিপক্ষ ভীষণ কঠিন। ২০২২ বিশ্বকাপ জয়ের আগে-পরে আর্জেন্টিনা জিতেছে দুটি কোপা আমিরেকা শিরোপা। স্কালোনির দল আছে র্যাঙ্কিংয়ের চূড়ায়। লিওনেল মেসিদের বিপক্ষে নির্ভয় ফুটবল খেলতে চান মিশর কোচ।
“আর্জেন্টিনা দারুণ একটি দল এবং তারা শিরোপাধারী। তবে ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়… আমরা জানি কোনো দলের জন্যই সহজ ম্যাচ হবে না। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি কিন্তু আমরা ওদের ভয় পাই না।”