গাজীপুর কণ্ঠ ডেস্ক
দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করা দেশের ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৭ জুলাই) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে, কেন তাদের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিতসহ পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তার যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০ এর বিধি ৫.৪ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ওই বিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে একটি প্রতিষ্ঠান যদি ভর্তি, ফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমতিকালে আরোপিত অন্যান্য শর্তাবলি পূরণে ব্যর্থ হয়, তাহলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।
১১২টি প্রতিষ্ঠানের তালিকা দেখুন