কালীগঞ্জে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার

আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালীগঞ্জে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার

নিজস্ব সংবাদদাতা

কালীগঞ্জে প্রতিবেশীর বাড়িতে সেলাই করা কাপড় পৌঁছে দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নয় বছর বয়সী এক শিশু। 

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুধবার (৮ জুলাই) কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

মামলার আসামি হানিফ দেওয়ান ওরফে হানিফা (৪০)। তিনি জাঙ্গালিয়া দেওয়ান বাড়ি এলাকার মজিদ দেওয়ানের ছেলে। মামলার পর থেকে সে পলাতক রয়েছে।

 ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত হানিফার স্ত্রী শিশুটির মায়ের কাছে কাপড় সেলাই করাতে দিয়েছিলেন। সেলাই শেষে গত ১৮ জুন বিকেলে মা তার মেয়েকে দিয়ে ওই কাপড় প্রতিবেশীর বাড়িতে পাঠান। শিশুটি কাপড় নিয়ে অভিযুক্তের বাড়িতে পৌঁছালে সেখানে তখন আর কেউ ছিল না। এই সুযোগে অভিযুক্ত ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে হুমকি দিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, যে কারণে ভয়ে সে বিষয়টি প্রথমে কাউকে জানায়নি। ঘটনার পর থেকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরে তার মা ও চিকিৎসকের জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার বিবরণ জানায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি জানার পর শিশুর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযোগ দায়েরের পর এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।