গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়াকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়াকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার মোট ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
তবে নতুন যুগ্ম-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম-সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা অনলাইনে ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে পারবেন।
বর্তমানে প্রশাসনে যুগ্ম-সচিবের সংখ্যা হলো এক হাজার ৬১ জন।
উল্লেখ্য, বিসিএসের ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. নূরুল করিম ভূঁইয়াকে (১৫৮৫৬) চলতি বছরের ১৫ মার্চ গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার উপসচিব আমিনুল ইসলাম সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়। এর আগে তিনি উপসচিব পদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রশাসনে যোগ দেওয়ার আগে নূরুল করিম ভূঁইয়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। একই সময়ে ২০০৩ সালের ২৩ জুলাই থেকে ২০০৪ সালের ৪ জুন পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির রাজনৈতিক মতাদর্শের কর্মকর্তা হিসেবে পরিচিত থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন তিনি পদবঞ্চিত ছিলেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকতে বাধ্য হন।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। ওই বছরের ১৩ আগস্ট তিনি সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান, যা ভূতাপেক্ষভাবে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে কার্যকর করা হয়।
পদোন্নতির পর তাঁকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং পরে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে পদায়ন করা হয়। একই বছরের ১৬ নভেম্বর তিনি বিসিএস ২৫তম ব্যাচ অল ক্যাডার ফোরামের সভাপতি নির্বাচিত হন।
২০২৫ সালের ১২ নভেম্বর জেলা প্রশাসক পদে পদায়নের লক্ষ্যে প্রণীত ফিটলিস্টের জন্য তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়। সে সময় তিনি উপসচিব হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন।
এর আগে ২০১৪ সালের ৩ মার্চ থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত তিনি ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরো জানতে…..
গাজীপুরের নতুন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া