টঙ্গীতে সংঘর্ষে আহত বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মৃত্যু, আটক ১

টঙ্গীতে সংঘর্ষে আহত বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মৃত্যু, আটক ১

গাজীপুর কণ্ঠ ডেস্ক

টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ জুলাই) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম মঞ্জুরুল ইসলাম ওরফে হাসিব (২৫)। সে টঙ্গীর পাগার এলাকার তরিকুল ইসলামের ছেলে এবং গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে টঙ্গী পূর্ব থানার পাগার এলাকায় মঞ্জুরুলের বাবার সঙ্গে প্রতিবেশী আরেক পক্ষের পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মোট চারজন আহত হন।

আহতদের মধ্যে পাগার এলাকার মো. আকাশ (২৫) ও ইমরান হাসান (২৪) এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মঞ্জুরুলের অবস্থার অবনতি হলে তাঁকে একাধিক হাসপাতালে স্থানান্তরের পর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাগার এলাকার বাসিন্দা জোবায়ের হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।