মালয়েশিয়ায় ইসরায়েলি পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।

মালয়েশিয়ায় ইসরায়েলি পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় অবস্থানরত কোনও ইসরায়েলি নাগরিকের সন্ধান পাওয়া গেলে তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেছেন, কোনও ইসরায়েলির সন্ধান পেলে তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে, কারণ মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তিভিত্তিক কমিউনিটিতে ইসরায়েলিদের জড়িত থাকার অভিযোগ তদন্তের মধ্যেই প্রধানমন্ত্রী এই কঠোর মন্তব্য করেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেটওয়ার্ক স্কুল নামের একটি ডিজিটাল নোমাড কমিউনিটির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ও কয়েনবেসের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত এই প্রকল্পটি জোহর রাজ্যের ১০০ বিলিয়ন ডলারের ফরেস্ট সিটি প্রকল্পে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, দ্বৈত নাগরিকত্বধারী কিছু ইসরায়েলি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করে এই প্রকল্পে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী আনোয়ার স্পষ্ট করে বলেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের অবিলম্বে বহিষ্কার করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ সাধারণত সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অন্য দেশের পাসপোর্ট ব্যবহারকারী দ্বৈত নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে মালয়েশিয়ায় সুনির্দিষ্ট কোনও আইনি নিষেধাজ্ঞা নেই।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, মালয়েশীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে ওই প্রকল্পের সঙ্গে যুক্ত বিদেশি নাগরিকদের পরিচয় যাচাই শুরু করেছে।

সূত্র: মিডল ইস্ট আই