কাশিমপুর মহিলা কারাগার থেকে পালালেন নারী বন্দি

এ ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

কাশিমপুর মহিলা কারাগার থেকে পালালেন নারী বন্দি

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কারা কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেছেন এক নারী বন্দি। তার নাম রিম্পা (২১)।

রিম্পা মেহেরপুরের গাংনি থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি সি. আর মামলায় তিন মাসের সাজা হয় তাঁর। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কারাগারে বন্দি ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার থানায় মামলা করেছে।

গত বৃহস্পতিবার বিকেলে বন্দিদের গণনার সময় হিসাবে গরমিল দেখা দিলে বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার ও জেলার শিরিন আক্তারকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। ফলে কারা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।