শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম ইয়াসিন আরাফাত আদি (১৪)। সে ময়মনসিংহের ফুলপুর উপজেলার আন্দিরিয়াপাড়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। পরিবারের সঙ্গে শ্রীপুরে বাসা ভাড়া নিয়ে থাকত ইয়াসিন এবং চন্নাপাড়া এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ইয়াসিনের বাবা পেশায় ওষুধ ব্যবসায়ী, শ্রীপুরে তাদের একটি দোকান আছে। ওই দিন দুপুরে মাদরাসা থেকে ফিরে ইয়াসিন প্রথমে বাসায় যায়, এরপর যায় তাদের ওষুধের দোকানে। সেখান থেকে দুই বন্ধুর সঙ্গে সে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে।

ইয়াসিনের বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুরে খোঁজাখুঁজি চালান, কিন্তু ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ইয়াসিনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।