গাজীপুর কণ্ঠ ডেস্ক
চট্টগ্রাম নগরের বায়জিদে একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বায়জিদের শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩৫০টি গুলি উদ্ধার করেছে।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল সংবাদ মাধ্যমকে বলেন, “স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বাংলাবাজার এলাকার একটি নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো অনেক পুরনো এবং ব্যবহৃত গুলি। এগুলো আর ব্যবহার করা যাবে না। এসব গুলি ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলির খোসাগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এগুলো ব্যবহৃত গুলির খোসা। তবে এগুলোর উৎস, কীভাবে নালায় এল এবং কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয়। ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠী শনাক্তে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের দাবি, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।