গাজীপুর কণ্ঠ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে মেধা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২৬ জুলাই) ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদের সভা উদ্বোধন করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের পদোন্নতির জন্য সুপারিশ করাই এই পর্ষদের কাজ, যেখানে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও চাকরির নথি যাচাই করা হয়।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে মেধা, সততা, চারিত্রিক দৃঢ়তা ও নেতৃত্বগুণের ভিত্তিতেই পদোন্নতি নির্ধারিত হওয়া উচিত। তার ভাষায়, এটিই একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার।
জাতীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে নিহত সেনাসদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
প্রধানমন্ত্রী সেনা সদরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলাম এবং প্রতিরক্ষাসচিব আশরাফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।