নিজের গাড়িতেই মাদক পাচার করতেন অতিরিক্ত পুলিশ সুপার, ফাঁস করলেন স্ত্রী

দায়িত্বপ্রাপ্ত এলাকায় অধস্তন পুলিশ কর্মকর্তারা যাতে সন্দেহ না করেন, সে কারণেই তিনি নিজের গাড়ি ব্যবহার করতেন।

নিজের গাড়িতেই মাদক পাচার করতেন অতিরিক্ত পুলিশ সুপার, ফাঁস করলেন স্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক

জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী শামিয়া খান এশা। 

তার দাবি, ওই পুলিশ কর্মকর্তা নিজের গাড়ি ব্যবহার করে দিনাজপুরের হিলি থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। এ ছাড়া যৌতুক দাবি, নিজে মাদক গ্রহণ এবং একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও তুলেছেন তিনি।

রবিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন শামিয়া খান এশা। 

নিজেকে ভুক্তভোগী দাবি করে তিনি বলেন, পরকীয়া সম্পর্কে বাধা দেওয়া ও দাবি করা যৌতুক না দেওয়ায় তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে শিশুসন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

এশার দাবি, তার স্বামী আরিফ হোসেন নিজের গাড়িতে করে হিলি থেকে মাদক এনে জয়পুরহাটসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন।

তার অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত এলাকায় অধস্তন পুলিশ কর্মকর্তারা যাতে সন্দেহ না করেন, সে কারণেই তিনি নিজের গাড়ি ব্যবহার করতেন। এ ছাড়া আরিফ হোসেন নিজেও মাদক গ্রহণ করেন বলে অভিযোগ করেন তিনি।

এশা অভিযোগ করেন, ২০১৯ সালে বিয়ের পর থেকেই তার স্বামী মাদক সেবন ও একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করলে তার ওপর নির্যাতন চালানো হতো বলে দাবি তার।

এশার ভাষ্য, সংসার টিকিয়ে রাখতে ইতিপূর্বে যৌতুক হিসেবে ৪০ লাখ টাকা দেওয়া হয়েছে। সম্প্রতি আরও ৫০ লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে এ বছরের শুরুতে সাড়ে পাঁচ বছরের মেয়েসহ তাঁকে মারধর করে জয়পুরহাটের বাসা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তার।