গাজীপুরে কন্দাল ফসল নিয়ে কর্মশালা

গাজীপুরে কন্দাল ফসল নিয়ে কর্মশালা

বিশেষ প্রতিনিধি

কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ‘কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৬ জুলাই) বারি’র সেমিনার কক্ষে কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের আয়োজনে এই কর্মশালা হয়।

কর্মশালায় কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গবেষণার অগ্রগতি ও উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এ খাতে ভবিষ্যতে কী করণীয়, তা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

আলোচকরা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে কন্দাল ফসলের ভূমিকা উল্লেখযোগ্য। তাঁদের মতে, গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।

কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। বক্তব্য দেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. খোরশেদ আলম।