গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হিসেবে রেজাইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মোহসেন রেজাই ১৯৮১ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন। বর্তমানে ৭১ বছর বয়সী এই নেতা ইরান-ইরাক যুদ্ধের দীর্ঘ সময়ের গুরুত্বপূর্ণ ভূমিকার সাক্ষী। পরবর্তীতে তিনি ইরান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন রেজাই। গত জুলাইয়ে তিনি মন্তব্য করেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
এই পদে রেজাইয়ের পূর্বসূরি মোহাম্মদ বাঘের জুলঘাদর, যিনি চলতি বছরের মার্চে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পদত্যাগের পর তাকে আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।