কালীগঞ্জে তিন ইয়াবাসেবীর কারাদণ্ড

কালীগঞ্জে তিন ইয়াবাসেবীর কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজন ইয়াবাসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন তুমুলিয়া ইউনিয়নের পুন্নারটেক এলাকার মৃত এস এম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪৭), টেক মানিকপুর এলাকার সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৩৫) এবং মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর এলাকার মৃত আব্দুল গণির ছেলে কাসেম (২৯)।

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, হরিদেবপুর, পুন্নারটেক এবং টেক মানিকপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নজরুল ইসলামকে ১০ দিন, কাসেমকে ৩ মাস এবং মোক্তার মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়।