নেপালে বাংলাদেশি পর্যটকদের সতর্কবার্তা

ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মানাং-পিসাং অঞ্চল; কয়েকটি ট্রেকিং রুট বন্ধ

নেপালে বাংলাদেশি পর্যটকদের সতর্কবার্তা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নেপালে টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের প্রেক্ষাপটে দেশটির ক্ষতিগ্রস্ত এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের এসব এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়।

দূতাবাস জানায়, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে পিসাং, চামে ও মানাং। বৃষ্টির পাশাপাশি তুষারপাতে বহু স্থানে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এলাকাগুলো দুর্গম হওয়ায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে।

এদিকে নিরাপত্তার কারণে মানাংয়ের একাধিক ট্রেকিং রুট স্থগিত করেছে নেপালের কর্তৃপক্ষ। এর মধ্যে আছে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং।

ভূমিধসে সড়ক ভেঙে যাওয়ায় পোখারা ও এর আশপাশের এলাকায় চলাচল এবং কাছের ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হচ্ছে। তাই সেখানেও সতর্ক থাকতে বলেছে দূতাবাস। মুস্তাং, জমসমসহ পার্বত্য এলাকায় রওনা দেওয়ার আগে গণ্ডকী প্রদেশের সড়কের হালনাগাদ অবস্থা জেনে নিতে বলা হয়েছে, কারণ যেকোনো সময় এসব সড়ক বন্ধ হয়ে যেতে পারে।

অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ ভূমিধসপ্রবণ পাহাড়ি এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের আগে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলেছে দূতাবাস। নদীর তীর ও ভূমিধসের আশঙ্কা আছে, এমন জায়গা এড়ানো, চলাচলের আগে সড়ক ও আবহাওয়ার খবর নেওয়া এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

দূতাবাস নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজর রাখছে। নতুন তথ্য পেলে তা জানানো হবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।