অতিরিক্ত আইজিপি হলেন জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার

তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

অতিরিক্ত আইজিপি হলেন জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদারসহ ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় মো. ইসরাইল হাওলাদারকে। সে সময় তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

পরে ১৯ নভেম্বর তিনি জিএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।

ইসরাইল হাওলাদার এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

শিল্প পুলিশে যোগদানের আগে তিনি দীর্ঘদিন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কম্যান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি পদোন্নতিবঞ্চনার পাশাপাশি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। পরে তিনি ভারপ্রাপ্ত যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) হন। ২০২৪ সালের ২৭ আগস্ট ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হন। গত ১৯ ডিসেম্বর তাকে বদলি করে শিল্পাঞ্চল পুলিশে পাঠানো হয়।

আরো জানতে….

জিএমপি’র নতুন কমিশনার ইসরাইল হাওলাদার