গাজীপুরে জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি 

গাজীপুরের গাছা থানা এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে রবিবার (২৩ অগাস্ট) বিকেলে মো. আবুল কালাম আজাদ (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

তিনি ভূষিরমিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) জসিম দেওয়ান জানান, আবুল কালাম আজাদের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এলাকায়। তার পরিবার থাকে গ্রামের বাড়িতে। তিনি একাই জুয়েলারি দোকানটি পরিচালনা করতেন এবং দোকানেই ঘুমাতেন।

পুলিশ জানায়, রবিবার সকাল পেরিয়ে দুপুর গড়ালেও দোকান বন্ধ দেখে সন্দেহ হয় আশপাশের ব্যবসায়ীদের। দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের এক দোকানি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের ভেতর থেকে গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

দোকান থেকে কিছু লুট হয়েছে কি না, জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, এ বিষয়ে বলার মতো কেউ নেই, তদন্তেই তা বেরিয়ে আসবে। কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।