কাপাসিয়ায় নদীতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কাপাসিয়ায় নদীতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

বিশেষ প্রতিনিধি

কাপাসিয়ায় তিন দিন ধরে নিখোঁজ থাকা জাহিদ হাসান (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৯ আগস্ট) সকালে ব্রহ্মপুত্র নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ আগস্ট) দুপুরের দিকে হঠাৎ করে জাহিদকে আর খুঁজে পাননি স্বজনেরা। এরপর আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও তার সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বিষয়টি জানিয়ে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকাল আটটার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদীর একটি ঘাটে একটি শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ এবং মরদেহটি উদ্ধার করে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই মোবাইল টিম নিয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শিশুটি ঠিক কীভাবে নিখোঁজ হয়েছিল বা কীভাবে নদীতে গিয়ে পড়ল, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এদিকে মরদেহ ময়নাতদন্তে না পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে নিহতের পরিবার। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।