কাপাসিয়ায় ঘাস কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

ঘাস কাটতে গিয়ে দুই পক্ষ জমিতে মুখোমুখি হলে তর্কে জড়িয়ে পড়ে, একপর্যায়ে তা লাঠিসোঁটা নিয়ে মারামারিতে রূপ নেয়।

কাপাসিয়ায় ঘাস কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

বিশেষ প্রতিনিধি 

কাপাসিয়া উপজেলায় জমির ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিলয় সরকার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই রাসেল সরকার ও ইসমাইল সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ অগাস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পাবুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নিলয় সরকার ওই এলাকার মনির সরকারের ছেলে।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ যুবায়ের জানান, নিহতের পরিবারের অভিযোগ, জমির ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয় সরকারের সঙ্গে তাঁর চাচাতো ভাই রাসেল সরকার ও ইসমাইল সরকারের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রাসেল সরকার দেশীয় অস্ত্র দিয়ে নিলয়কে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত নিলয়কে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, নিলয় সরকার ও তার পরিবারের সঙ্গে চাচাতো ভাই রাসেল সরকার ও ইসমাইল সরকারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই জেরে আজ ঘাস কাটতে গিয়ে দুই পক্ষ জমিতে মুখোমুখি হলে তর্কে জড়িয়ে পড়ে, একপর্যায়ে তা লাঠিসোঁটা নিয়ে মারামারিতে রূপ নেয়।

পরিদর্শক মোহাম্মদ যুবায়ের বলেন, দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে নিলয়কে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, এখনো এ ঘটনায় মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।