গেন্ডারিয়ায় নারীসহ ৩ জন গুলিবিদ্ধ

“সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় ও আশার ডান পায়ে গুলি লেগেছে,” বলেন পুলিশ কর্মকর্তা মো. ফারুক।

গেন্ডারিয়ায় নারীসহ ৩ জন গুলিবিদ্ধ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ঢাকার গেন্ডারিয়ার থানাধীন স্বামীবাগ মুন্সীরটেক এলাকা থেকে গুলিবিদ্ধ এক নারীসহ তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত ও তাদের সঙ্গে আসা লোকজন বলেছেন, সেখানে দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি চলছিল।

রবিবার (৩১ অগাস্ট) সন্ধ্যা ৭টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

তারা হলেন— পথচারী আশা আক্তার (২০), চা দোকানি আলমগীর (৩৩) এবং পথচারী সিয়াম (১৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সংবাদ মাধ্যমকে বলছেন, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে।

আহত সিয়ামসংবাদ মাধ্যমকে বলেন, তিনি থাকেন যাত্রাবাড়ী এলাকায়। সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে তার ফুফার চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে সাটার বন্ধ করে দিচ্ছিলেন। তখনই তার ডান কাধে একটি গুলি এসে লাগে।

মাথায় গুলিবিদ্ধ আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার সংবাদ মাধ্যমকে বলেছেন, তার স্বামীর সেখানে চায়ের দোকান আছে। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হয়। দোকানের ভেতর থাকা অবস্থায় তার কপালে গুলি লাগে।

আহত আশা আক্তার বলেন, তিনি ওই এলাকাতেই থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারি মাঝে পড়ে যান। এতে তার ডান পায়ের গুলি লাগে। কারা গোলাগুলি করছিল, সেটি তিনি জানেন না।

পুলিশ বলছে, এ ঘটনায় স্থানীয় ৪০ নম্বর ওয়ার্ডের এক বিএনপি সদস্য জড়িত।

পুলিশের ‘ইনসিডেন্ট রিপোর্টে’ বলা হয়েছে, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য ও তার ভাগ্নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারাই সেখানকার এক অস্ত্রধারীর চাচাকে মারধরের পর বিদ্যুৎ বন্ধ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।