পূবাইলে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পূবাইলে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় নিজ ঘর থেকে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম প্রাপ্তি মল্লিক পূজা (২৪)। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সোমবার রাতে পূবাইল থানার ডেমরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা গেছে, পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। প্রায় দুই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এই দম্পতির কোনো সন্তান ছিল না।

পরিবারের সদস্যরা জানান, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যান এবং সন্ধ্যায় বাড়ি ফিরে গোসল সেরে নিজ কক্ষে অবস্থান করছিলেন।

রাত সাড়ে আটটার দিকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সন্দেহ হয়। এক পর্যায়ে তার ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে ভেতরে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবার পারিবারিক হতাশার কথা জানিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।