চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: গাড়িচালকসহ গ্রেপ্তার ৩

চুরি হওয়া টাকার মধ্যে ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: গাড়িচালকসহ গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি

গাজীপুরে একটি পোশাক কারখানার চীনা মালিকের এক কোটি টাকা চুরির ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর শিল্প পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া টাকার মধ্যে ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরির টাকায় কেনা আসবাবপত্র ও একটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর শিল্প পুলিশ-২-এর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ‘ল্যাভেন্ডার ফ্যাশন’ নামের প্রতিষ্ঠানের চীনা নাগরিক চেয়ারম্যান গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে গাড়ি থামান। এই ফাঁকে শ্রমিকদের বেতন ও কারখানার নানা খরচ বাবদ গাড়িতে রাখা এক কোটি টাকাসহ গাড়ি নিয়ে উধাও হয়ে যান গাড়িচালক জাহিদ হাসান। পরে তিনি মালিকের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে গা ঢাকা দেন। ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী রূপগঞ্জ থানায় মামলা করেন। কারখানাটি গাজীপুর শিল্প পুলিশ-২-এর এখতিয়ারভুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে সমান্তরাল তদন্তে নামে সংস্থাটি।

পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ঘটনার পরপরই একটি দল অভিযুক্তকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ঝিনাইদহ সদর এলাকা থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ৮৬ লাখ টাকা। এরপর জাহিদের মামা মো. আক্তারুজ্জামানকে ১ লাখ ৩ হাজার টাকাসহ একই এলাকা থেকে আটক করা হয়। সবশেষে শনিবার ভোরে টঙ্গীর একটি বাসা থেকে জাহিদের স্ত্রী নাসিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়, তার কাছে পাওয়া যায় আরও ১০ লাখ টাকা।

জাহিদ হাসানের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া গ্রামে। তিনি ওই চীনা ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী নাসিমা আক্তারের (২৪) বাড়ি রংপুরের তারাগঞ্জ থানার পলাশবাড়ি এলাকায় এবং মামা আক্তারুজ্জামানের (৫১) বাড়ি ঝিনাইদহ সদরের কাঞ্চননগর এলাকায়।

জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুলিশ জানতে পারে, চুরির টাকা দিয়ে জাহিদ নতুন একটি বাসা ভাড়া নেন এবং সেই বাসার জন্য আসবাবপত্র কেনেন, যাতে খরচ হয় মোট ১ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া ৩৩ হাজার টাকা দিয়ে একটি নতুন মোবাইল ফোনও কেনেন তিনি। এই আসবাবপত্র ও ফোনসেট জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজনকে উদ্ধার হওয়া টাকা ও জব্দ করা মালামালসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।