গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি সেতুর নিচ থেকে ট্রলি ব্যাগে ভরা এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভবানীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সংবাদ মাধ্যমকে বলেন, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন সেতুর নিচের একটি ডোবায় পরিত্যক্ত অবস্থায় ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে ভেতরে নারীর খণ্ডিত লাশ দেখতে পায়।

তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং নিহত নারী কীভাবে ওই স্থানে পৌঁছালেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। এর পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে বলে জানান ওসি আল মামুন।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।