গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে তিন মাদকসেবীকে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
দণ্ডপ্রাপ্তরা হলেন উত্তর ভাদার্ত্তী এলাকার ছানোয়ার হোসেনের ছেলে সুজন (৩২), মৃত কামাল উদ্দিন দেওয়ানের ছেলে দেওয়ান নাজমুল হাসান এলিন (৩৫) এবং উত্তর সোম এলাকার ছালাম দেওয়ানের ছেলে রাকিব দেওয়ান (৩৯)।
পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করেন। সে সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া সুজন ও রাকিবকে এক মাস এবং দেওয়ান নাজমুল হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।