২০ কোটি হাত কাজে লাগলেই অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে বাংলাদেশ: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বর্তমানে সরকারের মূল লক্ষ্য খামারিদের টিকিয়ে রাখা, যাতে তাঁদের দেখাদেখি নতুন উদ্যোক্তা তৈরি হয়।

২০ কোটি হাত কাজে লাগলেই অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে বাংলাদেশ: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিশেষ প্রতিনিধি

দেশের প্রায় ২০ কোটি জনগোষ্ঠীকে সমস্যা নয়, বরং সম্ভাবনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাঁর ভাষায়, এই বিপুলসংখ্যক মানুষের হাত অলস থাকলে তা বোঝা হয়ে দাঁড়াবে, কিন্তু একই হাত যদি উৎপাদনশীল কাজে যুক্ত হয়, তাহলে বাংলাদেশ পরিণত হবে অর্থনৈতিকভাবে অন্যতম শক্তিশালী একটি দেশে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জয়দেবপুর পিটিআই হলরুমে আয়োজিত ‘নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

অনুষ্ঠানে খামারিদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, খামারিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার তাঁদের কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। প্রতিটি খামারি এই কার্ড পাবেন এবং কৃষি খাতে প্রচলিত সরকারি প্রণোদনার সুবিধাও তাঁরা ভোগ করবেন।

তিনি বলেন, বর্তমানে সরকারের মূল লক্ষ্য খামারিদের টিকিয়ে রাখা, যাতে তাঁদের দেখাদেখি নতুন উদ্যোক্তা তৈরি হয়। নতুন উদ্যোক্তা তৈরি হলে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তি মজবুত করবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া। এ ছাড়া বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান এবং গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।