গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদ করায় জয়নাল আবেদিন নামের এক ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আব্দুল হাই এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আশরাফুল ইসলাম, ফয়সাল ও নূর আক্তার। রায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি আহমদ আলী কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে খালাস দেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে কালীগঞ্জের আজমতপুর মোড়লবাড়ী জামে মসজিদের তৎকালীন ইমামকে মারধর করেন কয়েকজন যুবক। এর প্রতিবাদ করেন ইতালি প্রবাসী জয়নাল আবেদিন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা একই দিন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের বাবা সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে আদালত তথ্যপ্রমাণ যাচাই-বাছাই করে এই রায় দিয়েছেন। তিনি তাঁর ছেলে হত্যার বিচারে সন্তুষ্টি প্রকাশ করেন।
গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তফা কামাল সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত প্রবাসী জয়নাল হত্যা মামলার রায় দিয়েছেন। মূল আসামি আগেই মারা যাওয়ায় এবং অন্য তিনজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।