ঘরে বসেই যেভাবে ফ্রিতে দেখা যাবে শাকিরার লাইভ কনসার্ট

এই বিশেষ কনসার্ট সরাসরি দেখতে পাবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্ত-অনুরাগীরা।

ঘরে বসেই যেভাবে ফ্রিতে দেখা যাবে শাকিরার লাইভ কনসার্ট

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক 

বিশ্ববিখ্যাত পপতারকা শাকিরার গান মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। তার নতুন গান কিংবা কনসার্টের জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। এবার ভক্তদের জন্য এল সুখবর। প্রথমবারের মতো নিজের একটি সম্পূর্ণ কনসার্ট বিশ্বজুড়ে লাইভস্ট্রিম করতে চলেছেন শাকিরা।

মাদ্রিদ থেকে তার এই বিশেষ কনসার্ট সরাসরি দেখতে পাবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্ত-অনুরাগীরা। ঘরে বসেই শাকিরাভক্তরা এই লাইভ শো উপভোগ করতে পারবেন।

মাদ্রিদের সময় অনুযায়ী ৩ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হলেও বাংলাদেশের সময় অনুযায়ী এটি দেখা যাবে ৪ অক্টোবর রাত ১২টার পর থেকে। অর্থাৎ ৩ অক্টোবর রাত পেরিয়ে ৪ অক্টোবরের প্রথম প্রহরেই শাকিরার এই বিশেষ লাইভ কনসার্ট দেখা যাবে।

কনসার্ট দেখার জন্য কোনো আলাদা সাবস্ক্রিপশন প্রয়োজন হবে না। Amazon Music অ্যাপ, Prime Video, Fire TV-তে Amazon Music অ্যাপ এবং Twitch-এর Amazon Music চ্যানেল—এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে অনুষ্ঠানটি দেখা যাবে।

শাকিরার জন্যও এই অনুষ্ঠান বিশেষ। কারণ এর আগে তার পারফরম্যান্স বা কনসার্টের বিভিন্ন অংশ অনলাইনে দেখা গেলেও এবারই প্রথম সম্পূর্ণ কনসার্ট বিশ্বব্যাপী লাইভস্ট্রিম হতে চলেছে। মাদ্রিদের এই অনুষ্ঠানটি তার ‘Las Mujeres Ya No Lloran’ ওয়ার্ল্ড ট্যুরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।