হাসিনার ফেরার ঘোষণায় দিল্লির সায়, শর্ত সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও নতুন বিচার

ডিসেম্বরে ফেরার সম্ভাবনা ক্ষীণ মনে করছে ভারত, ঢাকার অনীহাকে দেখছে প্রধান বাধা হিসেবে

হাসিনার ফেরার ঘোষণায় দিল্লির সায়, শর্ত সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও নতুন বিচার

বিবিসি 

ডিসেম্বরেই দেশে ফেরার যে ঘোষণা শেখ হাসিনা দিয়েছেন, তা ভারতের পরোক্ষ সম্মতিতেই। তবে তাকে ফেরত পাঠাতে দিল্লি দুটি শর্ত দিয়েছে। একই সঙ্গে ভারতের কর্মকর্তারা মনে করছেন, এই মাসে তার ফেরার সম্ভাবনা কম।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তা ও সামরিক সূত্রের বরাতে এসব তথ্য উঠে এসেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন, শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে ভারতের শর্ত মূলত দুটি।

প্রথম শর্ত, বাংলাদেশের সেনাবাহিনীকেই তাকে ফিরিয়ে নিতে হবে। কারণ ২০২৪ সালের ৫ আগস্ট তিনি ভারতে এসেছিলেন বাংলাদেশ সামরিক বাহিনীর বিমানে। বাংলাদেশ ঢাকা থেকে সামরিক বিমান পাঠাতে পারে, অথবা স্থলসীমান্তের কোনো পয়েন্টে সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে। দিল্লির পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত।

দ্বিতীয় শর্ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণহত্যার অভিযোগে নতুন করে বিচার শুরুর নিশ্চয়তা বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশের বিচারব্যবস্থায় হস্তক্ষেপ হিসেবে এটি না দেখা হয়, সে জন্য ভারত প্রকাশ্যে কিছু বলছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, “আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচার পান, সেটাই নিশ্চিত করতে চাইব।”

তার ভাষ্য, ওই বিচার আন্তর্জাতিক সম্প্রদায় ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে হোক, ভারত তাও চাইবে। এসব শর্ত পূরণের পথ খুঁজতে দিল্লি কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে নেপথ্যে আলোচনা চালাচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, যা সোয়া দুই বছর পেরিয়েছে। বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়েক মাস আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরবেন। এখনো তিনি সেই অবস্থানে অনড়, তবে নির্দিষ্ট তারিখ জানাননি। এ নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ঘোষণার পেছনে দিল্লির সম্মতি

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারতের সম্মতি ছাড়া হাসিনা এই ঘোষণা দিতেন না। দুই পক্ষ একমত হওয়ার পরই তিনি ফেরার ইচ্ছা প্রকাশ্যে জানান। এর পেছনে কয়েকটি কারণের কথা বলা হয়েছে।

– হাসিনার উপস্থিতি ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিতকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতকে কথা শুনতে হচ্ছে।

– তৃতীয় কোনো দেশে তাকে পাঠানোই ছিল দিল্লির কাছে সবচেয়ে সুবিধাজনক সমাধান। একাধিক দেশের সঙ্গে কথা হলেও তা সফল হয়নি।

– ফলে দিল্লি এখন মনে করছে, দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই তার জন্য একমাত্র বাস্তবসম্মত পথ।

– ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতে হলেও হাসিনার ফেরা ছাড়া বিকল্প নেই বলে নীতিনির্ধারকেরা একমত।

ভারতে আশ্রিত বিদেশি অতিথিদের নিয়মিত ব্রিফ করা হয়। ওই ব্রিফিংয়ে হাসিনাকেও এই অবস্থানের কথা জানানো হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রত্যর্পণ অনুরোধ ঝুলে আছে

বাংলাদেশ ২০২৪ সালের ডিসেম্বরে নোট ভার্বালের মাধ্যমে হাসিনাকে ফেরত চেয়েছিল। এরপর একাধিকবার তাগাদাও দিয়েছে। ভারত এখন পর্যন্ত হ্যাঁ বা না, কিছুই জানায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বারবার বলেছেন, এটি আইনি বিষয় এবং আইন অনুযায়ীই নিষ্পত্তি হবে।

ভারতীয় পর্যবেক্ষকদের ভাষ্য, দীর্ঘদিনের আস্থাভাজন বন্ধুকে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্ন ওঠে না। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, আগে হাতকড়া পরিয়েও বিদেশ থেকে বন্দি ফেরত আনার নজির আছে। কিন্তু হাসিনার ক্ষেত্রে ভারত তা করবে, এটি কল্পনাতীত।

পর্যবেক্ষকদের মতে, তা করলে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো দেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে। তাদের আরও বক্তব্য, ৫ আগস্ট ভারতে আসার সময় হাসিনা ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী, দণ্ডিত আসামি নন। দিল্লির চোখে তার সেই মর্যাদা বদলায়নি। দুই দেশের প্রত্যর্পণ চুক্তিতে আইনি ফাঁক থাকায় যেকোনো অনুরোধ দিনের পর দিন ঝুলিয়ে রাখা সম্ভব, ভারত এখন ঠিক সেটাই করছে।

সেনাবাহিনীর যোগাযোগ

অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী হঠাৎ অনির্ধারিত সফরে দিল্লি যান। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি তিনি সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন।

ভারতের এক শীর্ষ সামরিক সূত্র বিবিসিকে বলেন, বিশেষ কারণ ছাড়া ঢাকায় নিযুক্ত হাইকমিশনারের দিল্লিতে এসে সেনাপ্রধানের সঙ্গে দেখা করার কোনো কারণ নেই। তার ইঙ্গিত, হাসিনার ফেরায় সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য।

গত আড়াই বছরে সম্পর্কে ওঠানামা থাকলেও দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের যোগাযোগে ছেদ পড়েনি। ভারতের আগের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তার পূর্বসূরিরা একাধিকবার প্রকাশ্যে বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের আগে থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে প্রতি সপ্তাহে তাদের কথা হয়। এই সম্পর্ক কাজে লাগিয়ে ফেরার প্রক্রিয়া সামলানোই ভারতের প্রত্যাশা।

ওই সামরিক সূত্র বলেন, “দেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তা যাতে ঝুঁকিতে না পড়ে, ভারত সেটাও নিশ্চিত করতে চাইবে। কারণ চাই বা না চাই, এই দায়িত্ব এই মুহূর্তে ভারতের কাঁধেই এসে পড়েছে।” অর্থাৎ ফেরার পর তার নিরাপত্তার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনী নিক, ভারত তা-ই চায়।

ডিসেম্বরে ফেরা কঠিন

দিল্লির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রতিবেদককে জানিয়েছেন, তাদের ধারণা, মুখে যা-ই বলুক, ঢাকা আসলে হাসিনার ফেরা চায় না।

এক কর্মকর্তার ভাষ্য, “জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। হাসিনা ফিরলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, আমাদের এমনটাই মনে হচ্ছে।”

প্রতিবেদনে বলা হয়েছে, ফেরার পথে একাধিক শর্ত ও অনিশ্চয়তা আছে। আগামী দুই-তিন সপ্তাহে সব বিষয় মিলে যাওয়ার সম্ভাবনা বেশ কম। তাই নাটকীয় কিছু না ঘটলে ডিসেম্বরে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে দিল্লির বেশির ভাগ পর্যবেক্ষকের অভিমত।

ভারতের হিসাব

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যেভাবে চাইছে, সেভাবে হাসিনাকে ফেরানো কঠিন, এটি দিল্লি শুরু থেকেই জানত। তবু সম্মতি দেওয়ার কারণ, না ফিরলেও ভারতের হারানোর কিছু নেই।

সাউথ ব্লকের এক কর্মকর্তা বলেন, “আমরা এটুকু তো তখন বলতেই পারব, শেখ হাসিনা নিজে থেকে ফিরতেই চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দিয়েছে বলেই সেটা সম্ভব হয়নি।” এ ছাড়া ঘোষণায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছেন, যা ভারতের কাম্য। ৩১ ডিসেম্বর হাসিনা কোথায় থাকবেন তা বলা কঠিন। শেষ পর্যন্ত ভারতে থেকে গেলেও তার উপস্থিতির পক্ষে দিল্লির হাতে বাড়তি যুক্তি থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।