গাজীপুর কণ্ঠ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এ ছাড়া সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা প্রচারকারী ১৯টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপও চিহ্নিত করেছে পিআইবির ফ্যাক্টচেক কার্যক্রম বাংলাফ্যাক্ট।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানার এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পক্ষে সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এসব তথ্য জানান।
তিনি জানান, বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি। বর্তমানে প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করা হচ্ছে।
মন্ত্রী জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে পিআইবি ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে। এসব প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৪ হাজার ৯৫ জন সাংবাদিক।
চলতি অর্থবছরেও সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব প্রশিক্ষণে ফ্যাক্টচেক, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, গুজব মোকাবিলা এবং বিদ্বেষমূলক প্রচার শনাক্তের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।