গাজীপুর কণ্ঠ ডেস্ক
টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক স্থানীয় নেতার বাড়ির সামনে থেকে ১০টি ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানার গুটিয়া আন্দারুল এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (০৩ অক্টোবর) বিকেলে পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে।
পুলিশ বলছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে তারা টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরনবী হৃদয়ের বাড়ির সামনে একটি পরিত্যক্ত বিস্কুটের কার্টন দেখতে পায়। সেই কার্টনের ভেতরে ছিল ১০টি ককটেল এবং ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের দুটি ব্যানার।
উদ্ধারের পর পুলিশ ওই এলাকা ঘিরে রাখে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে এসআরইউর সদস্যরা এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
তবে ঘটনা নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা ভিন্ন দাবি করেছেন। তাদের ভাষ্য, শুক্রবার রাত দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে শাহজালাল নামের এক ব্যক্তি একটি প্রাইভেটকারে এসে ওই নেতার বাড়ির সামনে ককটেলগুলো রেখে যান। এর কিছুক্ষণ পরই পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে। এ দাবি সম্পর্কে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত একটি বিস্কুটের কার্টনে ১০টি ককটেল ও দুটি মিছিলের ব্যানার উদ্ধার করা হয়েছে। পরে এসআরইউ এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”