জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ

ইসরাইল হাওলাদার এখন শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি

জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। 

বর্তমান কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশিক সাঈদ বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার ছিলেন।

২০তম বিসিএস (পুলিশ) পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ২০০১ সালের ৩১ মে চাকরিতে যোগ দেন আশিক সাঈদ। 

দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন ইউনিটে এবং জেলায় দায়িত্ব পালন করেছেন। সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে তিনি সার্কেল এএসপি ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন র‍্যাব, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ও বিভিন্ন জেলায় এবং পুলিশ সদর দপ্তরের প্রশাসনিক শাখায়।

পুলিশ সুপার পদে পদোন্নতির পর তিনি ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এবং জামালপুরের জেলা পুলিশ সুপার ছিলেন।

এরপর অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন নৌ পুলিশ (ঢাকা), ঢাকা রেঞ্জ এবং পুলিশ সদর দপ্তরের ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট শাখায়। 

ডিআইজি পদে পদোন্নতি পেয়ে তিনি সদর দপ্তরের একই শাখায় দায়িত্ব পালন করেন। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হন। বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত আছেন।

আশিক সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব (জিওলজি) বিষয়ে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেছেন।