নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশের লোকজ ঐতিহ্য ও পহেলা বৈশাখের উৎসবকে ফ্যাশন পণ্যের নকশায় তুলে ধরে চীনের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন কালীগঞ্জের মো. রাব্বি।
‘দ্য ফোর্থ ইন্টারন্যাশনাল ফোক গিফটস ইনোভেটিভ ডিজাইন কনটেস্ট’-এ তিনি ‘বেস্ট ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড’ পান।
২০২৬ সালের আইএসএফএস অ্যাওয়ার্ডের আওতায় চীনের সাংহাইতে গত ৩০ অক্টোবর (শুক্রবার) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ উপাদানকে সৃজনশীল নকশার মাধ্যমে উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজক সাংহাই ফ্যাশন অ্যাকসেসরিজ সোসাইটি। সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ডংহুয়া ইউনিভার্সিটির সাংহাই ইন্টারন্যাশনাল ফ্যাশন ইনোভেশন সেন্টার ও কলেজ অব হিউম্যানিটিজ।

রাব্বি এ প্রতিযোগিতায় বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখকে বিষয় হিসেবে বেছে নেন। তাঁর নকশায় ছিল বাংলাদেশের লোকজ মোটিফ, ঐতিহ্যবাহী নকশা ও উৎসবের রং।
নকশার জন্য তিনি বেছে নেন দৈনন্দিন ব্যবহারের পণ্য: মোজা, মেয়েদের ওড়না, টি-শার্ট ও কেপ। প্রচলিত এসব পণ্যে দেশীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক ডিজাইনের সমন্বয় ঘটিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
রাব্বির বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামে। বর্তমানে তিনি চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন বিষয়ে পিএইচডি করছেন। পড়াশোনার পাশাপাশি ফ্যাশন, টেক্সটাইল ও সৃজনশীল ডিজাইন নিয়ে গবেষণা ও কাজ করছেন।

পুরস্কার পাওয়ার বিষয়ে রাব্বি বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি সম্মাননা অর্জন করতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এ অর্জন শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের ফ্যাশন ও সৃজনশীল ডিজাইন অঙ্গনের জন্যও অনুপ্রেরণার বিষয়।”
তিনি আরও বলেন, “আমার ডিজাইনে দেশীয় ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও আধুনিকতার সমন্বয় ঘটানোর চেষ্টা করেছি। আন্তর্জাতিক এ স্বীকৃতি ভবিষ্যতে আরও নতুন ও সৃজনশীল কাজ করতে আমাকে উৎসাহিত করবে। আমি চাই, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে আরও সুন্দরভাবে তুলে ধরতে।”
রাব্বির এই অর্জনে এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছেন।