বিশেষ প্রতিনিধি
আসন্ন বোরো ২০২৬-২৭ মৌসুমের জন্য ব্রিডার বীজ বিতরণ শুরু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। এবার মোট ১৬২ টন ব্রিডার বীজ উৎপাদন হয়েছে, যার মধ্যে ১২৭ টন বিতরণ করা হবে ৭০৪ জন সিড ডিলারের কাছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। বিতরণ চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
ব্রির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সম্পাদক ও প্রধান মো. রাশেল রানা জানান, বিতরণ করা বীজের মধ্যে ৩৮ টন ইতোমধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) দেওয়া হয়েছে। বাকি ৮৯ টন যাবে ৭০৩ জন বেসরকারি সিড ডিলারের কাছে।
তার ভাষ্য, ডিলাররা এই বীজ থেকে বোরো মৌসুমে ভিত্তি বীজ উৎপাদন করবেন।
ব্রির কৌলিসম্পদ ও বীজ (জিআরএস) বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মীর শরফ উদ্দিন আহমেদ। বক্তব্য দেন ব্রির খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম এবং উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মো. আবদুল কাদের।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জিআরএস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইবনে সৈয়দ মো. হারুনুর রশিদ।