কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান ফারুকসহ চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান ফারুকসহ চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা

কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের আরও তিন নেতা-কর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থ ও লোকবল জোগানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল হাসান এ আদেশ দেন। 

এর আগে পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। গত ২৯ অক্টোবর গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা এ আবেদন করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক (৫৮), ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নুরুল ইসলাম (৫৯), ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি নূর উদ্দিন মোল্লা (৪৫) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন (৩৯)।

আতিকুর রহমান খৈকড়া এলাকার প্রয়াত আবদুল মজিদ আকন্দের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি পাঁচবারের চেয়ারম্যান। সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। নুরুল ইসলাম আটলাব এলাকার প্রয়াত গিয়াস উদ্দিনের ছেলে। নূর উদ্দিন ব্রাহ্মণগাঁও এলাকার প্রয়াত তাজিম উদ্দিনের ছেলে। ইকবাল হোসেন খৈকড়া এলাকার প্রয়াত শুকুর আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর বিকেলে গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজনকে আটক করে। পরে বাসন থানার সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় (মামলা নম্বর ৩৩(৮)২৬) তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ আগস্ট ভোর পাঁচটার দিকে বাসন থানার ভোগড়া বাইপাস থেকে নাওজোর সড়কে একদল লোক জড়ো হন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ও ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে ‘বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর’ লেখা একটি ব্যানার ছিল।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, দেশ ও বিদেশে থাকা আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা এবং কয়েকজন সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালান। মিছিলে তাঁরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, বাংলাদেশ হাসবে শেখ হাসিনা আসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মোদের নেতা শেখ মুজিব’ এবং ‘বাবু ভাই, বাবু ভাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’—এ ধরনের স্লোগান দেন। এজাহারের ভাষ্য, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করা এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করা।

রিমান্ড আবেদনে পুলিশ বলে, প্রাথমিক তথ্যে জানা গেছে, আতিকুর রহমান আকন্দ ফারুক নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল সফল করতে অর্থ জুগিয়েছেন। বাকি তিনজনের মাধ্যমে তিনি কর্মী জোগান দিয়েছেন। ওই তিনজনও মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন। পুলিশের দাবি, তাঁরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাকির হোসেন রিমান্ডের পক্ষে সাতটি যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, রিমান্ড পেলে পুলিশ— মামলার সুষ্ঠু তদন্ত করতে পারবে; ঘটনা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবে; এজাহারভুক্ত আসামিদের বর্তমান অবস্থান নির্ণয় করে তাদের গ্রেপ্তার করতে পারবে; আসামিদের সরকারবিরোধী সন্ত্রাসী কার্যক্রম ও রাষ্ট্রবিরোধী মিছিলের বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারবে; মিছিলের অর্থায়নকারী ও মূল হোতাদের শনাক্ত করতে পারবে; অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা জোগাড় করে গ্রেপ্তার করতে পারবে এবং আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদ করতে এবং তাদের নিয়ে অভিযান চালাতে পারবে।

তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই রিমান্ড প্রয়োজন। একই সঙ্গে তিনি আসামিদের জেলহাজতে রাখারও আবেদন করেন।

আদালতকে পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জড়িত থাকার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ তারা পেয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁরা প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে ঘটনার দিন ও সময়ে তাঁরা সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ আরও জানায়, তাঁরা গাজীপুর মহানগর যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে সরকারবিরোধী মিছিল, সভা ও সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিয়েছেন।

পুলিশ জানায়, আতিকুর রহমান আকন্দ ফারুকের বিরুদ্ধে কালীগঞ্জ ও উত্তরা পশ্চিম থানায় পৃথক দুটি মামলা আছে। নুরুল ইসলাম ও ইকবাল হোসেনের বিরুদ্ধেও কালীগঞ্জ থানায় একটি করে মামলা রয়েছে। নূর উদ্দিন মোল্লার বিরুদ্ধে অন্য কোনো মামলার কথা পুলিশ উল্লেখ করেনি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, গ্রেপ্তার চারজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের উপস্থিতে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে অদালত।

আরো জানতে…….

কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান ফারুকসহ ৪ জনকে রিমান্ডে নিতে চায় পুলিশ