চট্টগ্রামে পুলিশ সুপারের দুটি মোবাইল ফোন জব্দ, জিজ্ঞাসাবাদ চলছে

নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে।

চট্টগ্রামে পুলিশ সুপারের দুটি মোবাইল ফোন জব্দ, জিজ্ঞাসাবাদ চলছে

চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাঁকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে তাঁর কার্যালয় থেকে ফোন দুটি জব্দ করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বুধবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি অভিযোগ আছে। সে কারণেই তাঁর ফোন জব্দ করা হয়েছে। তবে অভিযোগটি ঠিক কী, সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে রাজি হননি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। সে সময় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে।