গাজীপুর কন্ঠ ডেস্ক
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এক বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর তিনি এ দায়িত্বে থাকবেন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।